প্রথমবার বিশ্বকাপে উঠে ‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড তখন নীল কভারে ঢাকা। কভারের ওপর জমে থাকা পানির মধ্যেই হঠাৎ একে একে উপুড় হয়ে স্লাইড করতে শুরু করেন নেদারল্যান্ডসের ক্রিকেটাররা। আনন্দে যেন সবাই শিশু হয়ে গিয়েছিলেন। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার উচ্ছ্বাস এভাবেই প্রকাশ করলেন ডাচ ক্রিকেটাররা।

বুধবার (২৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্স ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২১ রানের জয় পায় নেদারল্যান্ডস। আগের দুই ম্যাচে নেপাল ও থাইল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে তারা। বিশ্বকাপে উঠতে যে একটি জয়ই যথেষ্ট—এ কথা জেনেই খেলতে নামে ডাচরা।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্র ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১২৯ রান। নেদারল্যান্ডসের পেসার হান্না লান্ধি দারুণ বোলিং করে ৩০ রান খরচায় নেন ৩ উইকেট। জবাবে ৫৭ রানের ওপেনিং জুটিতে রান তাড়ায় নিয়ন্ত্রণ নেয় নেদারল্যান্ডস।

১২তম ওভারে হঠাৎ বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। তখন নেদারল্যান্ডসের সংগ্রহ ছিল ২ উইকেটে ৯০ রান। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ওই সময় তারা ২১ রানে এগিয়ে ছিল। এরপর আর খেলা সম্ভব না হওয়ায় নেদারল্যান্ডসকেই পূর্ণ পয়েন্ট দেওয়া হয়। সেই সঙ্গে নিশ্চিত হয় আসন্ন জুনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের টিকিট।

১৯৩৭ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা নেদারল্যান্ডস একসময় নারী ক্রিকেটে বেশ শক্তিশালী ছিল। ১৯৮৮ থেকে ২০০০ সাল পর্যন্ত টানা চারটি বিশ্বকাপে অংশ নিয়েছিল তারা। তবে টি-টোয়েন্টি ক্রিকেট চালু হওয়ার পর এই ফরম্যাটের বিশ্বকাপে খেলতে পারেনি ডাচরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটাল এবারের বাছাইপর্ব।

এলাকার খবর

সম্পর্কিত