দুই দশকের সফল ক্যারিয়ারের মধ্যগগনে দাঁড়িয়ে সিনেমার গান বা প্লে-ব্যাক থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। বাংলা ও হিন্দি—দুই ভাষাতেই যার গানে মুগ্ধ কোটি ভক্ত, সেই অরিজিতের কণ্ঠ আর সিনেমায় শোনা যাবে না—এমন খবরে স্বাভাবিকভাবেই বিস্মিত তার অনুরাগীরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নিজের এই সিদ্ধান্তের কারণ নিজেই ব্যাখ্যা করেছেন অরিজিৎ। তিনি জানান, দীর্ঘদিন ধরে একই ধরনের কাজ করতে করতে তার মধ্যে এক ধরনের একঘেয়েমি চলে এসেছিল। তাই নিজেকে ভেঙে নতুন কিছু খুঁজতেই এই কঠিন সিদ্ধান্ত।
অরিজিৎ লেখেন, তিনি অনেক আগেই এমন সিদ্ধান্তের কথা ভেবেছিলেন, কিন্তু সাহস পাচ্ছিলেন না। এবার সেই সাহস সঞ্চয় করতে পেরেছেন। তার ভাষায়, দীর্ঘ সময় একই কাজ করলে একঘেয়েমি চলে আসে, আর সেই কারণেই তিনি গানের অ্যারেঞ্জমেন্টেও বারবার পরিবর্তন আনতেন। এবার পুরোপুরি নতুন ঘরানার সঙ্গীতের খোঁজে নিজেকে ডুবিয়ে দিতে চান তিনি।
শুধু একঘেয়েমি নয়, নতুন প্রজন্মের শিল্পীদের সুযোগ করে দেওয়ার মানসিকতাও এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ বলে জানিয়েছেন অরিজিৎ। তিনি বলেন, নতুনদের গান শুনতে তিনি আগ্রহী এবং তাদের থেকেই অনুপ্রেরণা নিতে চান। ভবিষ্যতে নিজেও সেই অনুপ্রেরণার জায়গা থেকে সঙ্গীতচর্চা চালিয়ে যেতে চান এই শিল্পী।
২০১০ সালে তেলুগু ছবি ‘কেডি’-এর মাধ্যমে সিনেমায় গানের যাত্রা শুরু করেন অরিজিৎ সিং। বলিউডে তার উত্থান ঘটে ‘মার্ডার ২’ ছবির মাধ্যমে, তবে ২০১৩ সালে ‘আশিকী ২’-এর গান তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। এরপর প্রায় দুই দশক ধরে সিনেমার গানে নিজের আধিপত্য ধরে রেখেছেন তিনি। যদিও প্লে-ব্যাক থেকে সরে দাঁড়াচ্ছেন, তবুও সঙ্গীতের সঙ্গে তার পথচলা থামছে না—নতুন ধারার মিউজিক নিয়েই সামনে এগোতে চান অরিজিৎ।