চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোটের সময় শিক্ষার্থীদের হাতে দেওয়া কালি মুছে যাচ্ছে বলে অভিযোগ তুলেছে ছাত্রদল।
বুধবার (১৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান এ অভিযোগ করেন। তিনি বলেন,
“কথা ছিল শিক্ষার্থীদের হাতে দেওয়া কালি মুছবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, কালি ঘষে তুলে ফেলা যাচ্ছে। আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দিচ্ছি।”
একই অভিযোগ করেন শিক্ষার্থী ইমরান রায়হান। তিনি বলেন,
“কেউ ঘুণাক্ষরেও বুঝবে না আমি ভোট দিয়েছি! একটু ঘষা দিতেই কালি উঠে যাচ্ছে।”
৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চাকসু নির্বাচন:
দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এবার ভোট হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি কেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ।
চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী,
আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়ছেন ৪৯৩ জন প্রার্থী।
মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।