সহিংসতা নয়, ভাবনার লড়াইয়ে প্রতিযোগিতার আহ্বান জামায়াত আমিরের

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের মানুষকে আরও ভালো সেবা দিতে কার কত কার্যকর ভাবনা ও পরিকল্পনা আছে, তা নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে উন্মুক্ত বিতর্কের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সহিংসতা পরিহার করে নীতি ও ধারণার প্রতিযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জামায়াত আমির বলেন, তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষদের স্বাগত জানান এবং ভাবনার লড়াইয়ে প্রতিযোগিতার মাধ্যমে প্রমাণ করতে চান—কে এই দেশের মানুষকে আরও ভালোভাবে সেবা দিতে সক্ষম। তার ভাষায়, আসুন সহিংসতা নয়, বরং নীতিমালা ও আইডিয়ার ভিত্তিতে বিতর্ক করি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, নীতিনির্ধারণ নিয়ে গঠনমূলক আলোচনা, সাধারণ মানুষের কথা শোনা এবং দেশের জন্য সর্বোত্তম নীতিমালা প্রণয়নই হওয়া উচিত রাজনৈতিক প্রতিযোগিতার মূল লক্ষ্য। এভাবেই গণতান্ত্রিক ও ইতিবাচক রাজনীতির চর্চা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

তিনি জানান, জামায়াতে ইসলামী প্রতিদিনের কার্যক্রম ও মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে আলোচনা ও শোনার একটি ভিন্ন ধারার রাজনীতি উপস্থাপন করছে। অতীতের মতো বর্তমানেও মানুষ সহিংসতা প্রত্যাখ্যান করছে এবং ভবিষ্যতেও তা করবে উল্লেখ করে তিনি বলেন, এভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে উন্নতির পথে।

 

এলাকার খবর

সম্পর্কিত