নারীদের মায়ের মর্যাদায় মাথার ওপর তুলে রাখার অঙ্গীকার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। প্রয়োজন হলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেও তাদের সুরক্ষা দেওয়া হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম বন্দর কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, কর্মজীবী নারীরা আমাদের মা ও বোনের মতো। তাদের সম্মান ও নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় তিনি আরও বলেন, নারীদের ইজ্জত ও নিরাপত্তা নিশ্চিত না হলে একটি সমাজ কখনোই সুস্থ ও স্থিতিশীল হতে পারে না। তাই নারী-নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জনসভায় ডা. শফিকুর রহমান নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়েও কথা বলেন। তিনি দাবি করেন, তার অ্যাকাউন্ট হ্যাক করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আপত্তিকর ও নোংরা বক্তব্য ছড়ানো হয়েছে। কারা এর সঙ্গে জড়িত, তা জনগণ বুঝে গেছে এবং এর পেছনের ব্যক্তিদের পরিচয় উদ্ঘাটন করা হবে বলে তিনি জানান।
এ সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জোবাইরুল হাসান আরিফ, চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী একেএম ফজলুল হক, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী শফিউল আলমসহ জামায়াত ও শিবিরের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।