তরুণ ভোটারদের সঙ্গে ব্যতিক্রমী এক আড্ডায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। জাতীয় রাজনৈতিক কণ্ঠস্বরের সঙ্গে তরুণদের সরাসরি সংলাপ তৈরির লক্ষ্য নিয়ে এই আয়োজন করা হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে অনুষ্ঠিত ইন্টারেক্টিভ যুব সম্পৃক্ততা অনুষ্ঠান ‘চায়ের আড্ডা’-য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইমা রহমান। অনুষ্ঠানটি আয়োজন করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিম।
এ সময় তিনি তরুণদের সঙ্গে রাজনৈতিক সচেতনতা, ভোটাধিকার, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে খোলামেলা আলোচনা করেন। তরুণদের ভাবনা ও মতামত মনোযোগ দিয়ে শোনেন তিনি।
দেশ গড়ার কাজে সবার অংশগ্রহণ জরুরি উল্লেখ করে জাইমা রহমান বলেন, এ জন্য একটি কমন প্ল্যাটফর্ম দরকার, যেখানে সব শ্রেণি-পেশার মানুষ যুক্ত হতে পারে। একই সঙ্গে তিনি অনলাইন দুনিয়ায় সাইবার বুলিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
জাইমা রহমান বলেন, সাইবার বুলিং প্রতিরোধে শুধু আইন থাকলেই হবে না, তার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কার্যালয় বাংলাদেশে স্থাপন করা গেলে এই সমস্যার অনেকটাই সমাধান সম্ভব বলে তিনি মত দেন।
‘চায়ের আড্ডা’য় বিভিন্ন টেবিলে ঘুরে ঘুরে তরুণদের সমস্যা, স্বপ্ন ও প্রত্যাশার কথা শোনেন তিনি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে রাজধানীর বায়ুদূষণ, যানজট, কর্মসংস্থান সংকটসহ নানা বিষয় উঠে আসে।
শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে জাইমা রহমান বলেন, প্রাথমিক স্তর থেকেই সঠিক উদ্যোগ নিলে শহর ও গ্রামের মধ্যে শিক্ষার বৈষম্য কমানো সম্ভব। পাশাপাশি উচ্চশিক্ষায় মূল কারিকুলামের বাইরে ব্যবহারিক ও সহশিক্ষা কার্যক্রম থাকা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
দেশের জন্য তরুণদের কাজ করার আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই যেন দেশ গঠনের প্রক্রিয়ায় যুক্ত হতে পারে, সে ধরনের সুযোগ তৈরি করা দরকার। অনুষ্ঠানের শেষে ভবিষ্যতে আবারও এ ধরনের আড্ডায় বসার আশ্বাস দেন তিনি।
আয়োজকরা জানান, তরুণ ভোটারদের সঙ্গে জাতীয় রাজনৈতিক কণ্ঠস্বরের মধ্যে অর্থবহ ও গঠনমূলক সংলাপ তৈরিই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।