এনসিপি নেতা জয়নাল আবেদীন শিশিরকে হত্যার হুমকি, থানায় জিডি

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও প্লানিং উপদেষ্টা মো. জয়নাল আবেদীন শিশিরকে যে কোনো সময় গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে তিনি রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে হাতিরঝিল থানায় জিডিটি করা হয়। জিডিতে জয়নাল আবেদীন শিশির উল্লেখ করেন, একটি অজ্ঞাত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাকে ফোন ও বার্তার মাধ্যমে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতা নিজের পরিচয় প্রকাশ না করেই তাকে ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ করা হয়।

জিডি সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৪টা ৫৪ মিনিটের দিকে তিনি হাতিরঝিল থানাধীন নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে একটি অচেনা নম্বর থেকে কল আসে। কলকারী তাকে যেকোনো সময় গুলি করে হত্যা করা হবে বলে হুমকি দেয়। পরে একই নম্বর থেকে বারবার কল করে প্রাণনাশের ভয় দেখানো হয়।

জিডিতে আরও বলা হয়, এ ধরনের হুমকির কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিজের ও পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনগত সুরক্ষা পাওয়ার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা জরুরি বলে উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে হুমকির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এনসিপির এই নেতা।

 

এলাকার খবর

সম্পর্কিত