জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চাই দুর্নীতিবাজ, ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিমুক্ত একটি বাংলাদেশ। সেই লক্ষ্যেই তরুণ সমাজ জেগে উঠেছে, যার প্রতিফলন দেখা গেছে ডাকসু, চাকসুসহ বিভিন্ন ছাত্র সংসদের নির্বাচনে। আগামী ১২ ফেব্রুয়ারি জনতার রায়ের মধ্য দিয়েই বাংলাদেশ নতুন পথ খুঁজে পাবে বলে তিনি মন্তব্য করেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ২৪ না হলে ২৬ পাওয়া যেত না—এই বাস্তবতা যারা অস্বীকার করে, তাদেরকে এই ২৬-এই লাল কার্ড দেখাতে হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আজ স্বাধীনতার চেতনা জেগে উঠেছে। মানুষের মধ্যে তৈরি হয়েছে গণজোয়ার, যা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
ভোট প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে, তাহলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে। অতীতে ‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব’—এমন স্লোগান শোনা গেলেও এবার আর তা চলবে না বলে তিনি উল্লেখ করেন। এ সময় ভোটে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। গত সাড়ে ১৫ বছর ধরে আমরা সবাই নিপীড়িত ছিলাম। অথচ মাত্র ১৬ মাসের ব্যবধানে একটি দল চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয় অর্জিত হলে তাদের দুর্নীতির স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান এবং উত্তর জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ আমিরুজ্জামান।