নির্বাচন-গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নির্বাচন আয়োজনের সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন সিইসি নাসির উদ্দিন। এ সময় তাঁর সঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

অন্যদিকে বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াও অংশ নেন।

বৈঠকে সিইসি জানান, নির্বাচন আয়োজনের যাবতীয় প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য ইসি পুরোপুরি প্রস্তুত। প্রস্তুতিকালে প্রধান উপদেষ্টার সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের সহায়তার জন্যও ধন্যবাদ জানান সিইসি। তাঁর ভাষায়, নাগরিকরা ইতোমধ্যে নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন, যা সারাদেশে নির্বাচনী আমেজ তৈরি করেছে।

ইসির প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি আরও যোগ করেন, জাতির প্রতীক্ষিত এই নির্বাচন আয়োজনের দায়িত্ব ইসির হাতে, তাই যেকোনো পরিস্থিতিতে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে।

প্রধান উপদেষ্টা জানান, জাতিকে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে।

এলাকার খবর

সম্পর্কিত