কাঙ্ক্ষিত দশম গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পেয়ে আবারও রাজপথে নেমেছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে তাদের অবস্থান কর্মসূচি, যা দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।
এর আগে শুক্রবার বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এক বিবৃতিতে কর্মসূচির ঘোষণা দেন।
বিবৃতিতে সহকারী শিক্ষকরা তিন দফা দাবি তুলে ধরেন—
১️⃣ দশম গ্রেডে বেতন প্রদান
২️⃣ চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন
৩️⃣ শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন,
“শনিবার শহীদ মিনারে ২০ হাজার শিক্ষক দশম গ্রেডে বেতন ও পদোন্নতির দাবিতে অবস্থান নেবেন। এবার দাবি আদায় করেই ঘরে ফিরব।”
বর্তমানে দেশে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত।
এর আগে গণশিক্ষা মন্ত্রণালয় ২৪ এপ্রিল এক আদেশে প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের বেতন ১৩তম থেকে ১২তম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত জানায়।
তবে সহকারী শিক্ষকরা তাতে অসন্তুষ্ট, কারণ তারা দশম গ্রেডে বেতন দাবি করছেন।
এই আন্দোলনে অংশ নিচ্ছে আরও কয়েকটি সংগঠন—
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ।
তাদের সঙ্গে যোগ দিয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নবনিযুক্ত সহকারী শিক্ষকরা।