বাংলাদেশে আসছেন অরিজিৎ সিং, কতটা সত্যি?

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

সংগীতপ্রেমীদের মধ্যে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে যে অরিজিৎ সিং ঢাকায় আসছেন। তবে এই খবর সত্যি কি না, তা নিয়ে জল্পনা রয়েছে। সূত্রপাত হয়েছে ট্রিপল টাইম কমিউনিকেশনস নামের একটি প্রতিষ্ঠান কর্তৃক পোস্ট করা ভোটিং পোল থেকে।

পোস্টটি শেয়ার করে টিকিট টুমোরো একটি ভিডিও প্রকাশ করে, যেখানে অরিজিৎ সিংয়ের বিভিন্ন শোর ক্লিপ দেখানো হয়। ভিডিওতে লেখা ছিল—“বাংলাদেশে অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্ট বাস্তবে ঘটুক”। এরপরই নেটিজেনদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়।

তবে বিষয়টি স্পষ্ট করেছেন আয়োজক প্রতিষ্ঠান। তাদের এক কর্মকর্তা জানান, “আমরা আগে দর্শকের পছন্দ বুঝে নিই—কে বেশি জনপ্রিয়, কাকে তারা দেখতে চান। তাই এই ভোটিং পোল দেওয়া হয়েছিল। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জাতীয় নির্বাচন হওয়ার কারণে নতুন কোনো ইভেন্টের সম্ভাবনা কম। পোস্টটি শুধু একটি ভোটিং পোস্ট মাত্র।”

এর আগে ট্রিপল টাইম কমিউনিকেশনস ঢাকায় আতিফ আসলামের কনসার্ট আয়োজন করেছিল এবং শীঘ্রই ভারতীয় গায়ক আনুভ জাইন আসবেন। পোল পোস্টে এক পাশে আতিফ, অন্য পাশে অরিজিৎ সিংয়ের ছবি দেখানো হয়েছিল, যার মাধ্যমে দর্শকরা তাদের পছন্দ জানাতে পারছিলেন।

উল্লেখ্য, অরিজিৎ সিং সর্বশেষ ২০১৬ সালের মার্চে ঢাকায় পারফর্ম করেছেন। আর্মি স্টেডিয়ামে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শীর্ষক কনসার্টে তিনি বলিউডের জনপ্রিয় গান যেমন ‘তুম হি হো’, ‘চান্না মেরেয়া’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সহ কিছু বাংলা গানও পরিবেশন করেছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত