সালমান শাহর মৃত্যুর মামলার শুনানি শেষ, রায় ২০ অক্টোবর

 ছবি:
ছবি:

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর মামলায় তার মা নীলা চৌধুরীর দায়ের করা রিভিশন আবেদনের শুনানি শেষ হয়েছে।
শুনানি শেষে সোমবার (১৩ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক আগামী ২০ অক্টোবর আদেশের দিন ধার্য করেন।

এদিন রিভিশন আবেদনের পক্ষে শুনানি শেষ করেন সালমান শাহর মায়ের আইনজীবী মো. ওবায়দুল্লাহ।
তিনি বলেন, “আমরা মামলার কিছু নথি চেয়ে রিভিশন দায়ের করেছিলাম। শুনানি শেষ হয়েছে, এখন আদালতের রায়ের অপেক্ষা করছি। আমরা আশাবাদী, মামলাটি পুনঃতদন্তে যাবে।”

এদিকে সালমান শাহর ভক্তরা আদালতপাড়ায় ‘হত্যার বিচার চাই’ স্লোগানে মানববন্ধন করেন।


ঘটনার পটভূমি:

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মৃত অবস্থায় উদ্ধার হন।
প্রথমে এটি অপমৃত্যু মামলা হিসেবে দায়ের হলেও পরে তা হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হয়।

বিগত তিন দশকে মামলাটি তদন্ত করেছে সিআইডি, বিচার বিভাগ, র‍্যাব ও পিবিআই।
সবশেষে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানায়—
সালমান শাহ আত্মহত্যা করেছেন, হত্যার কোনো প্রমাণ মেলেনি।

তবে সালমান শাহর মা নীলা চৌধুরী এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে পুনঃতদন্তের আবেদন করেন, যার শুনানি সোমবার শেষ হলো।

এলাকার খবর

সম্পর্কিত