আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি?

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নারীদের অপমান করেছেন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাদের বক্তব্য শুনলেই বোঝা যায়—ক্ষমতায় গেলে নারী সমাজের জন্য কঠিন সময় শুরু হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াতকে উদ্দেশ করে রুহুল কবির রিজভী বলেন, জান্নাতের কার্ড কি শেষ হয়ে গেছে যে এখন নারীদের টার্গেট করা হচ্ছে? অল্প সময়ের জন্য শফিক সাহেবের আইডি হ্যাক হয়েছিল—এই যুক্তি কতটা বিশ্বাসযোগ্য, সে প্রশ্নও তোলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, শফিকুর রহমানের বক্তব্যে পুরো নারী সমাজ অপমানিত হয়েছে। তাদের কথা ও অবস্থান দেখলে স্পষ্ট বোঝা যায়, তারা ক্ষমতায় এলে নারীদের জন্য অশুভ সময় নেমে আসবে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনারাই তো মন্ত্রী হয়েছেন। অথচ এখন বলছেন দলের প্রধান নারী হতে পারবে না। এমনকি আপনারা একজন নারীকেও মনোনয়ন দেননি—এটাই আপনাদের মানসিকতার প্রমাণ।

বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, জামায়াতের আমির পুরো নারী সমাজকে অপমান করেছেন। আইডি হ্যাক হওয়ার দাবি প্রমাণ করতে না পারলে তাকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে তিনি নারীদের জামায়াতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতাবিরোধী শক্তি। একাত্তরে তারা মা-বোনদের পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল—এ কথা ইতিহাসে লেখা আছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, নারীদের কাছে শফিকুর রহমানকে ক্ষমা চাইতেই হবে। না হলে যে আগুন জ্বলে উঠবে, তাতে জামায়াত পুড়ে ছারখার হয়ে যাবে। তিনি বলেন, যে জাতি মায়ের গর্ভ থেকে জন্ম নেয়, সেই নারী জাতিকে পায়ের নিচে রাখতে চায় জামায়াত।

তিনি আরও বলেন, আগামী ১২ তারিখ নারীরাই প্রমাণ করে দেবে—নারীদের অপমান করে কোনো রাজনৈতিক দল কখনো বিজয়ী হতে পারে না।

এলাকার খবর

সম্পর্কিত