শিরোনাম: ‘আমাকে মারবে বখতিয়ার-হেলাল’, মৃত্যুর আগেই আশঙ্কার কথা বলে গিয়েছিলেন যুবদলকর্মী
চট্টগ্রামের রাউজানে যুবদলকর্মী মুহাম্মদ আলমগীর আলমকে প্রকাশ্যে গুলি করে হত্যার পর চাঞ্চল্যকর সব ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা যায়, নিহত আলমগীর আগেই নিজের হত্যাকাণ্ডের আশঙ্কা করেছিলেন এবং নির্দিষ্ট কয়েকজনের নামও উল্লেখ করেন। একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমাকে মারবে বখতিয়ার ফকির, আলাউদ্দিন, হেলাল। এরা আমাকে মেরে ফেলবে প্রকাশ্যে হুমকি দিছে।’ আরেকটি ভিডিওতে তিনি ‘সন্ত্রাসী’ রায়হানের নাম উল্লেখ করে জীবনের নিরাপত্তা চান। গেল শনিবার মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে স্ত্রী-সন্তানের সামনেই আলমগীরকে গুলি করে হত্যা করা হয়। নিহত আলমগীরের স্ত্রীও অভিযোগ করেছেন, তার স্বামীকে খুনের জন্য রায়হান বাহিনীকে ভাড়া করা হয়েছে এবং বখতিয়ার ফকির এর সাথে জড়িত। পুলিশ জানিয়েছে, ভিডিওগুলো এবং পুরনো শত্রুতার বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে, তবে এখনো এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।