আমিরে জামায়াতের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। সাক্ষাৎকালে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বৈঠকে বাংলাদেশ ও ফিলিস্তিনের দীর্ঘদিনের ঐতিহাসিক ও আবেগী সম্পর্কের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

আলোচনায় ডা. শফিকুর রহমান বলেন, দল-মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনের ন্যায্য অধিকার ও সংগ্রামের পক্ষে রয়েছে। তিনি গাজায় ইসরায়েলের দখলদারিত্ব, জোরপূর্বক উচ্ছেদ ও ধ্বংসযজ্ঞ বন্ধে জাতিসংঘ, ওআইসি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ফিলিস্তিন একটি পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে। জবাবে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই সহযোগিতা ও সংহতি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এলাকার খবর

সম্পর্কিত