একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়: তারেক রহমান

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। ভোটাধিকার রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার কথাও বলেন তিনি।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, গত ১৫ থেকে ১৬ বছর ধরে মানুষ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। শুধু ভোটের অধিকারই নয়, কথা বলার স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছিল। যারা এসব করেছে, তারা এখন দেশ ছেড়ে চলে গেছে বলে মন্তব্য করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ হয় না। ভোটকেন্দ্রে থেকে ভোটের হিসাব ঠিকভাবে বুঝে নিয়ে তবেই কেন্দ্র ছাড়তে হবে। দেশ সবার—সব ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে এই দেশ গড়ে তুলতে হবে। এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে জয়ী করতে হবে। এর আগে এই এলাকার মানুষ অনেক জনপ্রতিনিধিকে দেখেছে, কিন্তু তারা নদীভাঙন, বেড়িবাঁধ ও বল্কবাঁধের মতো সমস্যার স্থায়ী সমাধান করতে পারেনি। বিএনপি সরকার গঠন করলে ইনশাআল্লাহ ধীরে ধীরে হাতিয়ার মানুষের সব সমস্যার সমাধান করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এ সময়ের জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এলাকার খবর

সম্পর্কিত