ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে বিএনপি হতাশ : সালাহউদ্দিন

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি গভীর হতাশা প্রকাশ করছে। তার মতে, কমিশন ও সরকারের পদক্ষেপগুলো বিএনপির প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “গত ১৭ অক্টোবর যে দলিল স্বাক্ষর হয়েছে, সেটি জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশের সঙ্গে মেলে না। বলা হয়েছে ৪৮ দফার ওপর গণভোট হবে, অথচ আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তাহলে এতদিনের আলোচনা ও পরামর্শের মানে কী?”

তিনি আরও বলেন, “ঐকমত্যে যা আসবে তা বাস্তবায়নের কোনো নিশ্চয়তা নেই। এখন যা দেখা যাচ্ছে, তা আসলে ঐকমত্য নয়, বরং বিভাজন ও অনৈক্য তৈরি করবে। কমিশনের উদ্দেশ্য কী, তারা কী অর্জন করতে চায়— তা এখন পরিষ্কার নয়।”

আরপিও ও জোটের প্রতীক বিষয়েও সালাহউদ্দিন বলেন, “জোটবদ্ধ রাজনৈতিক দল চাইলে নিজেদের প্রতীক বা জোটের প্রতীকে নির্বাচন করতে পারে— এটা প্রচলিত নিয়ম। কিন্তু এখন বলা হচ্ছে, জোটবদ্ধ হলেও নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে, যা আমাদের কাছে অগ্রহণযোগ্য। আশ্চর্যের বিষয়, অন্য একটি দল সেটিকে সমর্থন করছে।”

তিনি আরও যোগ করেন, “আমরা আশা করেছিলাম অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা রাখবে। কিন্তু বর্তমান কর্মকাণ্ডে মনে হচ্ছে, তারা সেই ভারসাম্য বজায় রাখতে পারছে না। তাই আমরা ঐকমত্য কমিশন ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করছি।”

এলাকার খবর

সম্পর্কিত