বিএনপি ক্ষমতায় গেলে যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরার অঙ্গীকার করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনি মহাসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন। তারেক রহমান বলেন, দেশের মানুষের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে হলে কিছু মৌলিক বিষয়ে কঠোর হতে হবে, যা অতীতে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে।
তিনি বলেন, বিএনপির সব পরিকল্পনা বাস্তবায়নের জন্য দুটি বিষয়ের ওপর বিশেষভাবে নজর দেওয়া জরুরি। এর মধ্যে প্রথমটি হলো মানুষের নিরাপত্তা। যেন মানুষ নির্বিঘ্নে ব্যবসা করতে পারে, চাকরি করতে পারে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন নিজ দলের কেউ অপরাধ করলেও ছাড় পায়নি। ভবিষ্যতেও জনগণের সমর্থন পেলে কঠোর হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তিনি দুর্নীতির কথা উল্লেখ করেন। তারেক রহমান বলেন, অতীতেই বিএনপি প্রমাণ করেছে যে দুর্নীতি নিয়ন্ত্রণ করা তাদের পক্ষেই সম্ভব। ক্ষমতায় গেলে যে কেউ দুর্নীতিতে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনের চোখে অপরাধীর কোনো পরিচয় থাকবে না—এটাই বিএনপির অঙ্গীকার বলে জানান তিনি।
বক্তব্যে চট্টগ্রামের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, এই পুণ্যভূমি থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এখানেই তিনি শহীদ হন। একই সঙ্গে এই মাটি থেকেই খালেদা জিয়া ‘দেশনেত্রী’ হিসেবে পরিচিতি পান। চট্টগ্রামের সঙ্গে নিজের ও পরিবারের আবেগী সম্পর্কের কথাও স্মরণ করেন তিনি।
তারেক রহমান আরও বলেন, ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করেছে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন। দীর্ঘ ১৬ বছর ধরে মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও ব্যক্তি স্বাধীনতা হরণ করা হয়েছিল। সেই অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যেই ছাত্র-জনতা আন্দোলনে নেমেছিল বলে মন্তব্য করেন তিনি।