রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, চিকিৎসকদের কাছ থেকে পাওয়া সর্বশেষ তথ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়নি, আবার সুস্পষ্ট উন্নতির খবরও নেই। বিদেশে নেওয়ার বিষয়ে চিকিৎসকেরা এখনো কোনো পরামর্শ দেননি।
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে রিজভী বলেন, উপযুক্ত সময় হলে তিনি দেশে ফিরবেন। বর্তমানে তিনি মায়ের শারীরিক অবস্থায় উদ্বিগ্ন এবং চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ জানান, সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসা গ্রহণ করতে পারছেন, তবে এখনই বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই। চিকিৎসকদের পরামর্শ পেলে বিদেশে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ড জানায়, তিনি হৃদ্যন্ত্রের জটিলতা, পেসমেকার, পুরনো স্টেন্ট এবং মাইট্রাল স্টেনোসিসসহ নানা সমস্যায় ভুগছেন। পাশাপাশি হার্ট ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় দ্রুত হাসপাতালে নিতে হয়েছিল।
এদিকে, তার শারীরিক অবস্থার কারণে বিজয়ের মাস উপলক্ষে ঘোষিত ১–১৬ ডিসেম্বর পর্যন্ত বিএনপির মশাল রোড শো কর্মসূচি স্থগিত করা হয়েছে।