খালেদা জিয়া আমাদের চিনতে পেরেছেন: মির্জা আব্বাস

নিউজ ডেস্ক
 ছবি: ছবি: সংগৃহীত
ছবি: ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও স্থিতিশীল নয়। তবে তাকে দেখতে যাওয়া ব্যক্তিদের তিনি চিনতে পারছেন এবং সাড়া দিচ্ছেন। শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার পর হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই তথ্য নিশ্চিত করেন।

মির্জা আব্বাস বলেন,

"উনি এই মুহূর্তে, আমি ব্যক্তিগতভাবে মনে করতেছি, উনি স্ট্যাবল (স্থিতিশীল) নন। আরও একটু ইমপ্রুভড (উন্নত) চিকিৎসা পেলে হয়তো ভালো হবেন, ভালো থাকতে পারেন।"

তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে তার (খালেদা জিয়া) ওপর যে 'অত্যাচার' হয়েছে, তারই ফল এখন পাওয়া যাচ্ছে। তিনি জানান, খালেদা জিয়াকে দেখতে গিয়ে দূরত্ব বজায় রেখে কথা বলার চেষ্টা করলেও "উনি আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি, উনি রিপ্লাইও (জবাব) দিয়েছেন।" মির্জা আব্বাস চেয়ারপারসনের সুস্থতার জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে কাজ করবেন উল্লেখ করে বলেন, "তিনি পরিপূর্ণভাবে সুস্থ নন, হয়তো রিকভারি হতেও পারে, ইনশা আল্লাহ।"

সংকট ও চিকিৎসকদের পর্যবেক্ষণ: এর আগে শুক্রবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসকদের বরাত দিয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে জানান। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আবদুল মঈন খান জানান, মেডিকেল বোর্ড বসেছিল এবং তারা সর্বশেষ অবস্থা পর্যালোচনা করে যা যা করা দরকার, সেই ব্যবস্থা গ্রহণ করছে।

উচ্চপর্যায়ের উদ্বেগ: এদিকে, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া, শুক্রবার অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান।

এলাকার খবর

সম্পর্কিত