গণভোট নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কাণ্ড

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয় নির্বাচনকে অবৈধ দাবি ও গণভোটে ‘না’ বলার আহ্বান জানিয়ে পোস্টার সাঁটানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। এসব পোস্টার প্রথমে স্থানীয়রা দেখতে পেয়ে ছিঁড়ে ফেললেও পরে আবার নতুন করে পোস্টার লাগানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে উপজেলার বনপাড়া পৌর বিপণিবিতানের দেয়ালে জাতীয় নির্বাচন ও গণভোটকে ‘না’ বলুন—এমন লেখা সংবলিত বেশ কয়েকটি পোস্টার নজরে আসে। পোস্টারগুলোতে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ছবি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ‘গণভোটকে না বলুন’, ‘অবৈধ নির্বাচন মানি না, মানবো না’, ‘সারা বাংলা বেঁধেছে জোট, নৌকা ছাড়া কিসের ভোট’—এমন নানা স্লোগান লেখা রয়েছে। পোস্টারের নিচে বাংলাদেশ ছাত্রলীগ, বড়াইগ্রাম উপজেলা শাখার নাম উল্লেখ করা হয়।

এলাকাবাসী জানান, পৌর বিপণিবিতানের দেয়ালে আগে থাকা ‘চলো দেশ গড়ি’ স্লোগান ইচ্ছাকৃতভাবে ঢেকে দিয়ে এসব পোস্টার লাগানো হয়েছে। পৌরসভার প্রাণকেন্দ্রে প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে নির্বাচন ও গণভোটকে অবৈধ দাবি করে পোস্টার সাঁটানোয় তারা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক জিএম আক্কাস আলী (তাহাস) বলেন, প্রকাশ্য স্থানে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে জাতীয় নির্বাচন ও গণভোটকে অবৈধ দাবি করে পোস্টার লাগানো শুধু দুঃসাহস নয়, চরম স্পর্ধার বহিঃপ্রকাশ। এ ঘটনায় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, কে বা কারা সবার অগোচরে এসব পোস্টার সাঁটিয়ে চলে গেছে। পরে স্থানীয়রা সেগুলো ছিঁড়ে ফেলেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত কার্যক্রম চালাচ্ছে।

এলাকার খবর

সম্পর্কিত