চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ সিরিজের আদলে জামায়াত আমিরের ব্যানার

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে কেন্দ্র করে জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর আদলে তৈরি একটি ব্যানার নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ব্যানারটি ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ব্যানারটিতে বড় অক্ষরে লেখা রয়েছে সিরিজের আলোচিত সংলাপ ‘উইন্টার ইজ কামিং’। এতে ‘গেম অব থ্রোনস’-এর জনপ্রিয় চরিত্র জন স্নোর জায়গায় ডা. শফিকুর রহমানকে উপস্থাপন করা হয়েছে। তার হাতে দেখা যায় দাঁড়িপাল্লা প্রতীকসহ একটি তলোয়ার। পেছনের দৃশ্যে তুষারপাত ও নেকড়ের ছবি ব্যবহার করা হয়েছে, যা পুরো ব্যানারটিকে সিরিজটির থিমের সঙ্গে মিলিয়ে দিয়েছে। ব্যানারের নিচে লেখা রয়েছে—‘দাদু ফ্যান ক্লাব সিটিজি’।

সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরের হালিশহর ও চকবাজার এলাকায় এসব ব্যানার চোখে পড়ে। বিষয়টি দ্রুতই মানুষের দৃষ্টি কাড়ে এবং আলোচনার জন্ম দেয়।

উল্লেখ্য, ‘গেম অব থ্রোনস’ সিরিজে স্টার্ক পরিবারের মূল বার্তা ছিল ‘উইন্টার ইজ কামিং’, যার অর্থ কঠিন সময় আসছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। সেই প্রতীকী বার্তাই এবার রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যানারে ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন অনেকেই।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুদ্দিন খালেদ বলেন, এ ধরনের ব্যানার সম্পর্কে সংগঠনের কোনো তথ্য নেই। সাংগঠনিক সিদ্ধান্তে এমন কিছু করা হয়নি। তিনি আরও জানান, জামায়াতের ব্যানারগুলো সাধারণত সংগঠনের নাম উল্লেখ করেই টাঙানো হয়।

সোমবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমান কক্সবাজার ও চট্টগ্রাম সফরে ছিলেন। সকাল থেকে তিনি মহেশখালী, কক্সবাজার সদর, লোহাগাড়া ও সীতাকুণ্ডে বক্তব্য দেন। সফরের অংশ হিসেবে সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত