জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়াকে ‘এজেন্সির খেলা’ হিসেবে আখ্যায়িত করেছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি অভিযোগ করেন, আইনের ফাঁক-ফোকর দেখিয়ে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেওয়ার পথ করে দিচ্ছে।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আখতার হোসেন দাবি করেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পুরো প্রক্রিয়ায় নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করেছে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়াকে কেন্দ্র করে এনসিপির কয়েকজন নেতা পদত্যাগ করলেও তাদের পদত্যাগপত্র এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি। এ বিষয়ে দলের ভেতরে আলোচনা চলছে বলেও জানান তিনি।
জোট রাজনীতির প্রসঙ্গে আখতার হোসেন বলেন, সম্ভাব্য জোটের আসন ভাগাভাগি কিংবা এই জোট সরকার গঠনের সুযোগ পেলে প্রধানমন্ত্রী কে হবেন—এসব বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান এনসিপির এই শীর্ষ নেতা।