বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান, হেড অব পলিটিক্যাল টিম টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি কেট ওয়ার্ড উপস্থিত ছিলেন। অপরদিকে জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও উভয় পক্ষ খোলামেলা মতবিনিময় করেন। তারা আশা প্রকাশ করেন, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরও শক্তিশালী হবে।
এ ছাড়া দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত ও গতিশীল হবে বলেও উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।