বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জামায়াত বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়, অথচ বিএনপি দেশকে সামনে এগিয়ে নিতে বিশ্বাস করে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের লালমিয়া মার্কেটে নির্বাচনি প্রচারণা উপলক্ষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, জামায়াত এমন একটি দল যারা দেশের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করে। আমরা পেছনে যেতে চাই না, আমরা একটি আধুনিক ও এগিয়ে যাওয়া বাংলাদেশ গড়তে চাই।
জামায়াত আমিরের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, শুনেছেন জামায়াতের আমির নারীদের বিরুদ্ধে কথা বলেছেন। বিষয়টি সত্য হলে তা চরম অন্যায় হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের নারীরা কখনোই এমন বক্তব্য মেনে নেবে না।
জামায়াতের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এই দলটি নারীদের কাজ করতে দিতে চায় না। তারা বলে নারীরা ঘরে থাকবে। কিন্তু নারীরা কাজ না করলে সংসার চলবে কীভাবে—সে প্রশ্ন তোলেন তিনি। গার্মেন্টস শ্রমিক নারীদের দিনে পাঁচ ঘণ্টার বেশি কাজ করা যাবে না—এমন বক্তব্যকে অবাস্তব ও অযৌক্তিক বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
নারীদের অধিকার ও শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মেয়েরা যদি স্কুল-কলেজে না যায়, পড়াশোনা না করে, তাহলে তারা চাকরি পাবে কোথায়। সরকার কোনো কাজ না করে মানুষকে টাকা দেবে—এমন প্রতিশ্রুতি নিছক বাটপারি ছাড়া কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।
উপস্থিত জনতার উদ্দেশে মির্জা ফখরুল বলেন, নারী-পুরুষ সমান অধিকার নিয়ে বাংলাদেশে বসবাস করবে। আমাদের দেশে নারীর সংখ্যা পুরুষের তুলনায় বেশি। ইসলাম ধর্মেও নারীদের প্রাপ্য অধিকার দেওয়ার কথা বলা হয়েছে। বিএনপি সেই অধিকার রক্ষা করতে চায় বলেও জানান তিনি।
পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।