ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ায় এক নির্বাচনি পথসভায় আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। জুলাই অভ্যুত্থানে শহীদ আল মামুনের বোন আনিসা আক্তার সঞ্চিতা তার জমানো একটি মাটির ব্যাংক ও কয়েকটি মুরগির ডিম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তুলে দেন।
উপহারটি গ্রহণ করার সময় আবেগ ধরে রাখতে পারেননি বিএনপি মহাসচিব। সবার সামনে তিনি কান্নায় ভেঙে পড়েন। অশ্রুসিক্ত কণ্ঠে মির্জা ফখরুল বলেন, তারা আমাকে তাদের সঞ্চিত মাটির ব্যাংকের টাকা ও ডিম উপহার দিয়েছে। আল্লাহ, তুমি ওদের কবুল করে নাও।
রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে অনুষ্ঠিত এই পথসভায় তিনি আরও বলেন, কিছু মানুষ থাকবেই যারা বাধা দেওয়ার চেষ্টা করবে। তবে আমি মনে করি না এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। মানুষ এবার জেগে উঠেছে, ভোট তারা দেবেই। ইনশাআল্লাহ, আমাদের ভোট দেওয়া কেউ ঠেকাতে পারবে না।
তরুণ ভোটারদের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, অনেক ১৮ বছর বয়সী তরুণসহ এমন মানুষ আছে, যারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি। তারা এবার ভোট দিতে মুখিয়ে আছে। এই সুযোগ কেউ নষ্ট করতে পারবে না।
এ সময় ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ভোটকেন্দ্রে সবাইকে পাহারা দিতে হবে, যেন কেউ কোনো গোলমাল করতে না পারে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই মিলে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে।