জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই : নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই।”
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচারের রোডম্যাপ ঘোষণা এবং দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা ছাড়া দেশের স্থিতিশীল নির্বাচন সম্ভব নয়।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর পর্যটন মোটেলে বিভাগের আট জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “দেশে নানামুখী সংকট তৈরি হয়েছে। পতিত স্বৈরাচার শক্তি ষড়যন্ত্র করছে। তাই এখন সময় জাতীয় ঐক্যের। কেউ যদি মনে করে এককভাবে সরকার গঠন করা যাবে, সেটা ভুল ধারণা। সব পক্ষের মধ্যে ন্যূনতম ঐক্য না থাকলে টেকসই সরকার ও সংসদ গঠন সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “স্থিতিশীল পরিবর্তনের জন্য ন্যূনতম সংবিধান সংস্কার ও কাঠামোগত সংস্কার দরকার। সরকার যদি এই প্রক্রিয়ায় বাধা দেয়, তাহলে জনগণই তাদের মুখোমুখি করবে।”

জোট রাজনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “পুরোনো দলগুলো নিয়ে জনগণের অনীহা রয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট গ্রুপ দেশ থেকে বিতাড়িত হয়েছে, আর বিএনপি, জামায়াতসহ পুরোনো দলগুলো জনগণের আস্থা হারিয়েছে। তাই আমরা জোটের বিষয়ে ভাবব কেবল তাদের সঙ্গেই, যারা জুলাই সনদ, বিচার ও সংস্কারের প্রশ্নে নীতিগতভাবে একমত।”

চব্বিশের গণঅভ্যুত্থানে এক দফার ঘোষক হিসেবে তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে যথেষ্ট অগ্রগতি হয়েছে। ঐকমত্য কমিশনের দ্বিতীয় প্রস্তাব একেবারেই অগ্রহণযোগ্য, তবে প্রথম প্রস্তাবে আমরা সংশোধন সাপেক্ষে সমর্থন দিচ্ছি। আমাদের দাবি ছিল, জুলাই সনদের আদেশ প্রকাশ করতে হবে এবং সেটি কে জারি করবে তা স্পষ্ট করতে হবে। সুপারিশে বলা হয়েছে, আদেশ জারি করবে অন্তর্বর্তীকালীন সরকার।”

তিনি আরও যোগ করেন, “ঐকমত্য কমিশনে বিএনপি প্রথমে বড় সংস্কারের বিপক্ষে ছিল, কিন্তু জনগণের চাপের কারণে তারা পরে অবস্থান পরিবর্তন করে।”

নাহিদ ইসলাম শেষ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন, বিচারের রোডম্যাপ ঘোষণা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ, জেলা সমন্বয়কারী আসাদুল্লাহ গালিব, মহানগর সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনাসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।

 

এলাকার খবর

সম্পর্কিত