বিএনপি কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়াতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, ইনশাআল্লাহ বিজয় বিএনপির একেবারে দ্বারপ্রান্তে। তাই কোনো ষড়যন্ত্র বা উসকানির ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে নিজের নির্বাচনী প্রচারণার সময় গণসংযোগে এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপি বহুবার নির্বাচনে অংশ নিয়েছে এবং ব্যক্তিগতভাবেও তিনি একাধিক নির্বাচনের অভিজ্ঞতা অর্জন করেছেন। ১৯৯১ সালের নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, সে সময় বিভিন্ন দল অংশ নিলেও নির্বাচন ছিল উৎসবমুখর এবং সহিংসতামুক্ত। আজ পর্যন্ত বিএনপি কোনো নির্বাচনে প্রতিপক্ষের ওপর হামলা করেনি বলেও দাবি করেন তিনি।
একটি দলের নাম উল্লেখ না করে মির্জা আব্বাস বলেন, যাদের নির্বাচনের অভিজ্ঞতা নেই এবং দেশ পরিচালনার যোগ্যতাও প্রশ্নবিদ্ধ, তারাই আজ বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। জনগণের কাছে নিজেদের জন্য বলার মতো কিছু না থাকায় তারা শুধু বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত উল্লেখ করে তিনি নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ জানান। মির্জা আব্বাস বলেন, এই বিজয় যেন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে অন্যদিকে প্রবাহিত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। মাত্র কয়েকটি দিন ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে।
তিনি আরও বলেন, সারা দেশের ৩০০টি আসনেই বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে এগোচ্ছে। ঢাকা-৮ আসনেও কোনো ধরনের অশান্তি সৃষ্টির চেষ্টা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণই ব্যালটের মাধ্যমে উপযুক্ত জবাব দেবে। বিএনপি কোনো প্রতিশোধে যাবে না, জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ১২ ফেব্রুয়ারি।