ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক: হাতিরঝিলে জামায়াতের জিডি

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যাক হওয়ার পর ওই অ্যাকাউন্ট থেকে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছিল।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাতিরঝিল থানায় গিয়ে জিডিটি করেন জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।

ওসি গোলাম মর্তুজা জানান, এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে গত রাতে একটি জিডি হয়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকেই এ অভিযোগ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, শনিবার বিকেল ৪টার পর ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়। কিছুক্ষণ পর বিকেল সাড়ে ৪টার দিকে হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে একটি অপ্রত্যাশিত ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই জামায়াতের সাইবার টিম অ্যাকাউন্ট উদ্ধারে কাজ শুরু করে। বিকেল ৫টার কিছু সময় পর অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাওয়া যায় এবং বিতর্কিত পোস্টটি মুছে ফেলা হয়।

জামায়াতে ইসলামীর অভিযোগ, অল্প সময়ের জন্য অ্যাকাউন্টটি হ্যাক থাকলেও সেই সুযোগে দেওয়া পোস্টটির স্ক্রিনশট ও কপি ব্যবহার করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচার বন্ধে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে দলটি।

এলাকার খবর

সম্পর্কিত