ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন তারেক রহমান: ফজলে এলাহী

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহেই। এ তথ্য নিশ্চিত করেছেন দলের চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। সময় সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দুই দিনের মধ্যেই ঢাকায় ফিরবেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান দেশে ফিরে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই অবস্থান করবেন—যা তার মায়ের বাড়ির পাশেই। ইতোমধ্যে সেই বাড়িতে চলছে ব্যাপক সংস্কার কাজ—বাইরে নতুন রং, ভেতরে আধুনিক সাজসজ্জা, আর চারপাশে কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনি। পাশাপাশি গুলশান-২-এর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়েও সংস্কার কাজ শেষ পর্যায়ে রয়েছে, যেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ফজলে এলাহী আকবর বলেন, বর্তমান রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। এ বিষয়ে সরকারের বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সহায়তা প্রত্যাশা করছে বিএনপি।

তিনি আরও জানান, চলতি মাসে ওমরাহ পালনের পরিকল্পনা থাকলেও তা আপাতত স্থগিত রাখা হয়েছে, এবং নির্বাচন শেষে তা সম্পন্ন করবেন তারেক রহমান। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে, পাশাপাশি অস্ত্রের লাইসেন্স প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে।

উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার খবরটি বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আশার সঞ্চার করেছে।

এলাকার খবর

সম্পর্কিত