ঢাকা-১১ আসনে ক্রমবর্ধমান গণসমর্থনে আতঙ্কিত হয়ে একটি মাফিয়া গোষ্ঠী পরিকল্পিতভাবে ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে ফেলছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শাপলাকলির অগ্রযাত্রা ঠেকাতে মরিয়া চেষ্টা চলছে, তবে এসব অপচেষ্টা জনগণের রায়কে প্রভাবিত করতে পারবে না।
সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব অভিযোগ তুলে ধরেন। সেখানে তিনি জানান, রোববার রাতে ঢাকা-১১ আসনের ২৩ নম্বর ওয়ার্ডে নূরবাগ মসজিদের পাশে স্থাপিত তার নির্বাচনী বিলবোর্ড ভাঙচুর করে ছিঁড়ে ফেলা হয়েছে।
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, গণজোয়ার দেখে ভীত হয়ে একের পর এক ব্যানার ও বিলবোর্ড নষ্ট করছে একটি মাফিয়া চক্র। তিনি এই ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানান এবং বলেন, যারা এভাবে তাকে ঠেকাতে চায়, তারা ভুল করছে।
এই প্রার্থী আরও বলেন, মাঠের বাস্তবতা প্রমাণ করে তার পক্ষে জনসমর্থন দ্রুত বাড়ছে, যা প্রতিপক্ষ মেনে নিতে পারছে না। সেই ভয় থেকেই তারা সহিংসতা ও ভাঙচুরের পথ বেছে নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ তারিখ বাড্ডা, ভাটারা ও রামপুরার মানুষ ব্যালটের মাধ্যমে এসব অপচেষ্টার জবাব দেবে। জনগণের রায়েই শেষ পর্যন্ত প্রমাণ হবে, এই আসনের মানুষ কার পক্ষে রয়েছে।