ঢাকা-৮ আসনে ট্রাক প্রতীকে মেঘনা আলম, শহীদ ওসমান হাদিকে স্মরণ করে প্রচারণা

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে আলোচিত মডেল ও অভিনেত্রী মেঘনা আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন শহীদ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনি শহীদ হন।

ঢাকা-৮ আসনে মিস আর্থ বাংলাদেশ ২০২০ বিজয়ী মেঘনা আলম ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন। প্রচারণায় বেশ সরব তিনি। এর অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত বিভিন্ন বার্তা ও প্রতিশ্রুতি তুলে ধরছেন। সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে তিনি শহীদ ওসমান হাদির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

ওই পোস্টে মেঘনা আলম লেখেন, নির্বাচনে জয়ী হয়ে যেদিন প্রথম সংসদে বসবেন, সেদিন তার মাথায় থাকবে মিস বাংলাদেশের মুকুট এবং ব্যাগে সঙ্গে রাখবেন শহীদ ওসমান হাদির কবরের মাটি। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে দেওয়া আরেকটি পোস্টে তিনি বলেন, কোনো নারীকে হয়রানি করতে দেবেন না এবং কোনো পুরুষকেও বিচারহীনতার শিকার হতে দেবেন না। তার ভাষায়, ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য।

এর আগে মেঘনা আলম ঘোষণা দেন, ঢাকা-৮ আসনকে দেশের নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে চান তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানান, যাতে নারীরা চলাচলের সময় স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার না হন।

এছাড়া এলাকাবাসীর নিরাপদ হাঁটাচলা ও সাইকেল ব্যবহারের সুবিধার্থে একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার কথাও বলেন মেঘনা আলম। একই সঙ্গে ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত সচেতনতা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

এলাকার খবর

সম্পর্কিত