বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই-এক দিনের মধ্যে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
মির্জা ফখরুল বলেন, সিলেট থেকে এবার বিএনপি নির্বাচনি প্রচার শুরু করবে। তিনি জানান, এই নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন।
তিনি আরও বলেন, সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন। তার স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা, সেই লক্ষ্য পূরণের আশাবাদ ব্যক্ত করেন ফখরুল।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে। গণতন্ত্র এবং গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে আসে না। পাশাপাশি তিনি গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয়ও প্রকাশ করেন।
এদিন ব্যক্তিগত সফরে সিলেট আসেন মির্জা ফখরুল। তিনি হযরত শাহজালাল ও শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেন এবং দেশ ও দলের জন্য দোয়া করেন।