দুটি আসনে দলীয় প্রতীক না রাখতে সিইসির কাছে জামায়াতের আবেদন

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে দুটি আসনে দলীয় প্রতীক না চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত একটি আবেদনপত্র প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হয়। এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জাতীয় সংসদের ২০০ নম্বর (নরসিংদী-২) আসনে মো. আমজাদ হোসাইন এবং ২৮৫ নম্বর (চট্টগ্রাম-৮) আসনে মো. আবু নাসেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল।

আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়, ১০ দলীয় নির্বাচনি ঐক্যের সমঝোতার অংশ হিসেবে পরবর্তীতে ওই দুটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে নরসিংদী-২ আসনটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী গোলাম সরোয়ারকে এবং চট্টগ্রাম-৮ আসনটি এনসিপির মনোনীত প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফকে দেওয়া হয়।

তবে নির্ধারিত সময়ের মধ্যে ওই দুই আসনে জামায়াতের মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারায় ব্যালট পেপারে দলীয় প্রতীক সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। এ কারণে সংশ্লিষ্ট দুটি আসনের ব্যালট পেপারে জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা না রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানো হয়েছে।

বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এলাকার খবর

সম্পর্কিত