ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২টি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে এই প্রাথমিক তালিকায় অন্তত ১২ জন হেভিওয়েট নেতা স্থান পাননি। বিশ্লেষণে দেখা যায়, চেয়ারপারসনের উপদেষ্টাদের মধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা বাদ পড়েছেন। তাদের মধ্যে রয়েছেন—
-
বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল,
-
চট্টগ্রাম-৪ আসনের সাবেক প্রার্থী আসলাম চৌধুরী,
-
এস এম ফজলুল হক,
-
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।
এর পাশাপাশি দলের ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, ভাইস-চেয়ারম্যান (পদ স্থগিত) ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং সহ-তথ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী প্রার্থী তালিকায় স্থান পাননি।
বিএনপির এই প্রাথমিক তালিকা প্রকাশের পর দলের ভেতরে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, দ্বিতীয় দফার মনোনয়ন তালিকায় এই নেতাদের কেউ কেউ জায়গা পেতে পারেন।