বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল নারীদের ঘরের ভেতর আটকে রাখতে চায়। তিনি অভিযোগ করেন, ওই দলের শীর্ষ নেতা প্রকাশ্যেই জানিয়েছেন যে তারা নারী নেতৃত্বে বিশ্বাস করেন না এবং নারীদের সমাজ ও কর্মক্ষেত্র থেকে দূরে রাখতে চান।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, যারা কর্মক্ষেত্রে যাওয়া নারীদের নিয়ে কুরুচিপূর্ণ ও অপমানজনক ভাষা ব্যবহার করে, তারা নির্বাচনের আগেই যদি নারীদের ঘরে বন্দি করতে চায়, তাহলে ক্ষমতায় গেলে তাদের আচরণ কেমন হবে—তা সহজেই অনুমেয়। ধর্মকে ব্যবহার করে তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে চায় বলেও অভিযোগ করেন তিনি।
তারেক রহমান আরও বলেন, নির্বাচনের আগে ওই দলের জ্যেষ্ঠ নেতারা ধারাবাহিকভাবে মিথ্যা কথা বলছেন। তাদের একটাই পরিচয়—তারা মিথ্যাবাদী। যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা কখনো দেশ ও জনগণের বন্ধু হতে পারে না। তিনি মা-বোনদের উদ্দেশে বলেন, যারা আপনাদের অপমান করে, তাদের কীভাবে জবাব দিতে হবে—সে সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। যাদের কাছে মানুষের আত্মসম্মান নিরাপদ নয়, তাদের হাতে দেশও নিরাপদ থাকতে পারে না।
জামায়াত আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবির প্রসঙ্গে তারেক রহমান বলেন, জনগণ তাদের ফাঁকিবাজি বুঝে ফেলায় এখন তারা নতুন ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে। একটি বড় রাজনৈতিক দলের প্রধান নেতা কীভাবে প্রকাশ্যে মিথ্যা বলতে পারেন—তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এসব অপচেষ্টা থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।
খুলনার শিল্প-কলকারখানা ধ্বংসের জন্য বিগত সরকারকে দায়ী করে তারেক রহমান বলেন, বিএনপি যদি জনগণের সেবা করার সুযোগ পায়, তাহলে সব মতের মানুষকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন করা হবে। খুলনায় আইটি পার্ক স্থাপন করা হবে এবং রুগ্ন শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে বলে আশ্বাস দেন তিনি। বৈষম্যহীন দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান।
তিনি বলেন, বিএনপি সব ধর্মের মানুষের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। একই সঙ্গে ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, একটি মহল ভোট গণনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। জনগণের ভোটাধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
তারেক রহমান বলেন, বিএনপির অভিজ্ঞতাই প্রমাণ করে যে দলটি সঠিকভাবে দেশ পরিচালনা করতে সক্ষম। সরকার গঠন করতে পারলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন ও দুর্নীতি দূর করা। তাই ধানের শীষকে বিজয়ী করে বিএনপিকে দেশ পুনর্গঠনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।