ঢাকা-১৬ আসনের ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী আমিনুল হক বলেছেন, যে দলের প্রধান নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তাদের হাতে দেশ ও নারীদের সম্মান কখনোই নিরাপদ হতে পারে না। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে নির্বাচনের পরিবেশ নষ্ট করার নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণার ১২তম দিনে মিরপুর-১২-এর ডি ব্লক এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। আমিনুল হক দাবি করেন, জামায়াত ঘরে ঘরে গিয়ে ভোটারদের এনআইডি কার্ড সংগ্রহ করে ভোট জালিয়াতির চেষ্টা করছে। পাশাপাশি বিকাশের মাধ্যমে টাকা দিয়ে ভোট কেনার মতো প্রতারণামূলক কর্মকাণ্ডেও তারা জড়িত বলে অভিযোগ করেন তিনি। এ সময় জামায়াতকে ‘মিথ্যাচারী’ আখ্যা দিয়ে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কার্যক্রম ও দলটির প্রধানের বক্তব্যের প্রসঙ্গ টেনে আমিনুল হক বলেন, যে দল নারীদের নিয়ে অশালীন মন্তব্য করেছে এবং যারা দেশের স্বাধীনতা চায়নি, তারাই এখন দেশ গড়ার কথা বলছে—যা সম্পূর্ণ হাস্যকর। তিনি বলেন, যারা মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তাদের কাছে দেশও নিরাপদ নয়। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমেই জনগণ এর উপযুক্ত জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচনী ইশতেহার তুলে ধরে আমিনুল হক বলেন, মিরপুরের সাধারণ মানুষ যেন অর্থের অভাবে শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, সেটিই তার প্রধান লক্ষ্য। তিনি দরিদ্র শিক্ষার্থীদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দেন এবং প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার কথা বলেন। পাশাপাশি প্রতিটি দুয়ারে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং অর্থের অভাবে চিকিৎসা বন্ধ না হয়—সেজন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
সকাল থেকেই মিরপুর-১২ এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন আমিনুল হক। এ সময় তিনি ভোটারদের হাতে ইশতেহার তুলে দেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।