নির্বাচনে বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ: ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে দেশ একটি নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করবে, যেখানে ন্যায়, ইনসাফ ও জবাবদিহিভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে একই দিনে সকালে তিনি মহেশখালী উপজেলায় পৃথক আরেকটি জনসভায় অংশ নেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘রাজার ছেলে রাজা হবে’—এ ধরনের রাজনীতিতে জামায়াতে ইসলামী বিশ্বাস করে না। এই দেশে এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী যেই হোক না কেন, অপরাধ করলে তার বিচার নিশ্চিত করতে হবে। আইন সবার জন্য সমান—এই নীতিই তারা প্রতিষ্ঠা করতে চান বলে জানান তিনি।

কক্সবাজারকে সম্ভাবনাময় অঞ্চল উল্লেখ করে জামায়াত আমির বলেন, এখানকার প্রাকৃতিক সম্পদ, পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগানো গেলে এই জেলা দেশের অন্যতম উন্নয়নকেন্দ্রে পরিণত হতে পারে। তবে এর জন্য প্রয়োজন সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্ব।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামী নিজেরা ‘হ্যাঁ’ ভোট দেবে এবং জনগণকেও হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করবে। দাঁড়িপাল্লায় ভোট দিলে কক্সবাজার আলোকিত হবে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, এবারের নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নয়, বরং জাতির দিক পরিবর্তনের নির্বাচন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, এই নির্বাচন জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণের নির্বাচন। এটি এমন একটি বাংলাদেশ গড়ার নির্বাচন, যেখানে মা-বোনেরা নিরাপদ থাকবে, তরুণরা কর্মসংস্থানের সুযোগ পাবে এবং কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না। তিনি বলেন, জামায়াত কথা দিয়ে কথা রাখে এবং বেঁচে থাকলে কোনো ওয়াদা ভঙ্গ হবে না, ইনশাআল্লাহ।

যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই বাংলাদেশ মূলত তরুণদের জন্যই গড়ে তোলা হচ্ছে। দেশ গড়ার নেতৃত্ব দিতে তরুণদেরই সামনে আসতে হবে। এ সময় তিনি জনসভায় উপস্থিত জামায়াত মনোনীত প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এর আগে মহেশখালীর জনসভায় জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামীর একক বিজয়ের চেয়েও তিনি দেশের ১৮ কোটি মানুষের বিজয় চান। জনগণের বিজয়ই প্রকৃত বিজয়—সেই বিজয়ের একজন অংশীদার হতে চান বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার সকাল ১০টায় কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জেলা জামায়াত সভাপতি অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সভায় কক্সবাজার-১ আসনের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার-৩ আসনের প্রার্থী শহিদুল আলম বাহাদুর, কক্সবাজার-৪ আসনের প্রার্থী নুর আহমদ আনোয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত