ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা প্রকাশ করে বলেছেন, একটি নির্দিষ্ট পক্ষ বিভিন্ন দাবিদাওয়ার আড়ালে সরকারকে ব্যস্ত রেখে আসন্ন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট বেগুনবাড়ি ইউনিয়নে আয়োজিত এক সভায় তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয়, বরং ভালোবাসা দিয়ে সাধারণ মানুষের মন জয় করতে চায়। তিনি দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দেন, ভোটের ব্যাপারে কোনো ধরনের আপস করা হবে না এবং বিএনপি চায় ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হোক।
তিনি আরও বলেন, "দেশের মানুষ এখন তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছে। কিন্তু একটি মহল নির্বাচন বানচালের জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত।"
আওয়ামী লীগ সরকারের শত নির্যাতন ও নিপীড়নের কথা উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, "ক্ষমতায় থাকাকালে বিএনপি নেতাকর্মীদের নামে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এতকিছুর পরেও আমাদের লক্ষ্য ছিল একটাই—এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করে গণতন্ত্র পুনরুদ্ধার করা।"
তিনি জোর দিয়ে বলেন, সাধারণ জনগণও ফেব্রুয়ারিতেই ভোট দিতে চায় এবং তাদের এই চাওয়ার সাথে বিএনপি একমত।