পিআর পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত আগামী নির্বাচিত সংসদেই মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

পিআর (Proportional Representation) ভোট পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত আসবে আগামী নির্বাচিত সংসদে — এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার সদস্যদের সঙ্গে মতবিনিময় সভাতে তিনি এই মন্তব্য করেন।

সভায় খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা এবং আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নের বিষয় তুলে ধরেন।

মির্জা ফখরুল বলেন, “এখন যখন পিআর নিয়ে আলোচনা শুরু হয়েছে, তখন যারা দেশে দ্রুত নির্বাচন চায় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চায়, তারা উদ্বিগ্ন। আমরা পরিষ্কারভাবে বলেছি — পিআর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী পার্লামেন্টই নেবে। জনগণ ও সংসদের সদস্যরা চাইলে এই পদ্ধতি বাস্তবায়িত হবে।”

তিনি আরও বলেন, “পিআর পদ্ধতির একটি বড় সমস্যা হলো — এতে ব্যক্তিগতভাবে প্রতিনিধি বাছাইয়ের স্বাধীনতা কমে যায়। মানুষ সরাসরি পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে না; বরং দলকে ভোট দিতে হয়, আর দল নির্ধারণ করে কে পার্লামেন্টে যাবে। এই জায়গাতেই আমাদের আপত্তি।”

মির্জা ফখরুল খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি আগামী নির্বাচনে বিএনপির প্রতি সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “আমরা আপনাদের সহযোগিতা চাই। জন গোমেজ শুধু খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধি নন, তিনিও বিএনপির প্রার্থী ছিলেন এবং আছেন। আমরা আপনাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।”

এলাকার খবর

সম্পর্কিত