পূর্বাচল প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনা, টিউলিপসহ ২২ জনের রায় সোমবার

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের মামলায় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ২২ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে সোমবার। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম সোমবার (২ ফেব্রুয়ারি) এ রায় ঘোষণা করবেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মো. হাফিজুর রহমান জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়মের অভিযোগে দায়ের করা দুটি মামলার রায় ঘোষণার জন্য আদালত তারিখ নির্ধারণ করেছেন। এসব মামলায় শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ আনা হয়েছে।

মামলার কার্যক্রম অনুযায়ী, আজমিনা সিদ্দিকের নামে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের মামলায় গত ১৩ জানুয়ারি যুক্তিতর্ক শুনানি শেষ হয়। এরপর আদালত রায়ের তারিখ নির্ধারণ করেন। অপরদিকে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে প্লট বরাদ্দ সংক্রান্ত মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয় ১৮ জানুয়ারি।

এই দুই মামলার আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, যুক্তরাজ্যপ্রবাসী ও যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিকসহ সাবেক মন্ত্রী, সচিব, রাজউকের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ মোট ২২ জন। প্রত্যেক মামলায় ১৮ জন করে আসামি রয়েছেন, যার মধ্যে ১৪ জন দুটি মামলাতেই অভিন্ন আসামি।

দুদকের অভিযোগে বলা হয়েছে, শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে প্লট বরাদ্দে অনিয়ম করা হয়েছে। এর আগেও একই আদালত প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা একাধিক মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এর মধ্যে শেখ রেহানার নামে প্লট বরাদ্দ সংক্রান্ত একটি মামলার রায় ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত