ফেসবুকে কোন নেতা কতটা জনপ্রিয়?

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচন সামনে রেখে মাঠের প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও জোর তৎপরতা দেখা যাচ্ছে। বিশেষ করে ফেসবুকের পাশাপাশি টিকটক, ইউটিউব ও ইনস্টাগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রচার-প্রচারণা দিন দিন বাড়ছে।

সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক বছরে রাজনীতিতে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে অনলাইন প্ল্যাটফর্ম এখন বড় হাতিয়ার হয়ে উঠেছে, যার স্পষ্ট প্রভাব দেখা যেতে পারে এবারের নির্বাচনে।

সাম্প্রতিক পরিসংখ্যানে ফেসবুকে রাজনৈতিক ব্যক্তিত্বদের জনপ্রিয়তার একটি ভিন্ন চিত্র উঠে এসেছে। অনুসারীর সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং আলোচিত চিকিৎসক ও প্রার্থী তাসনিম জারা। ফেসবুকে তারেক রহমানের অনুসারী সংখ্যা বর্তমানে ৫৬ লাখ। অন্যদিকে, ৭১ লাখের বেশি ফলোয়ার নিয়ে রাজনৈতিক অঙ্গনের প্রার্থীদের মধ্যে শীর্ষে রয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।

তুলনামূলকভাবে কম অনুসারী নিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার ভেরিফায়েড ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা ২৩ লাখ। তিনি ঢাকা-১৫ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একইভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামও ফেসবুক অনুসারীর সংখ্যায় অন্য শীর্ষ রাজনৈতিক নেতাদের তুলনায় কিছুটা পিছিয়ে। তার ফেসবুক পেজে অনুসারী রয়েছেন প্রায় ১২ লাখ।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী রুমিন ফারহানার ভেরিফায়েড ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ৭ লাখ ২৯ হাজার, যা তাকে আলোচিত প্রার্থীদের তালিকায় রেখেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সূত্রে জানা গেছে, দেশের ৫৬ শতাংশের বেশি পরিবারের সদস্য এখন ইন্টারনেট ব্যবহার করেন। ধারণা করা হচ্ছে, দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ৪ কোটিরও বেশি, যা নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যমের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত