নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরে তিনি ঢাকা ফেরার আগ পর্যন্ত মোট তিনটি স্থানে সমাবেশে অংশ নেবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
সোমবার (২৬ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে তারেক রহমানের এই সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী বিধি মেনেই এই সফর ও সমাবেশগুলো আয়োজন করা হচ্ছে।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান বলেন, তারেক রহমানের ময়মনসিংহ ও গাজীপুর সফর সম্পর্কে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসারকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে সমাবেশ আয়োজনের অনুমতি ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে প্রথম সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ী মাঠে এবং সন্ধ্যা ৭টায় ঢাকার উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে আরেকটি সমাবেশে অংশ নেবেন তিনি। সব কর্মসূচি শেষে রাতেই গুলশানে নিজ বাসভবনে ফিরে যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।