জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
সারজিস আলম লিখেছেন, “আসসালামু আলাইকুম। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আমন্ত্রণে এবং সার্বিক ব্যবস্থাপনায় আমি গতকাল (৬ নভেম্বর) মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছি।”
তিনি আরও জানান, সফরের অংশ হিসেবে প্রথম তিন দিন সৌদি আরবে এবং পরবর্তী তিন দিন মিশরে অবস্থান করবেন। এই সময় তিনি দুই দেশের প্রবাসী বাংলাদেশি, অভ্যুত্থানের সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মতবিনিময় করবেন।
সফরের অন্যতম অংশ হিসেবে সারজিস আলম মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভায় যোগ দেবেন। এছাড়া তিনি মিশরের রাফা সীমান্তে শরণার্থী শিবিরে অবস্থানরত ফিলিস্তিনি নাগরিকদের জন্য স্বেচ্ছাসেবী কার্যক্রমেও অংশ নেওয়ার পরিকল্পনা জানিয়েছেন।
দেশবাসীর উদ্দেশে সারজিস আলম বলেন, “এই সফর যেন সফল হয় এবং মানবতার কল্যাণে কিছু করতে পারি—এই দোয়া চাই।”