ময়মনসিংহে পৌঁছেছেন তারেক রহমান, নেতাকর্মীদের উচ্ছ্বাস

নিউজ ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহে পৌঁছেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকার গুলশান থেকে সড়কপথে রওনা হয়ে দুপুরে তিনি ময়মনসিংহ শহরে আসেন। শহরে পৌঁছে তিনি জেলা সার্কিট হাউসে কিছু সময় বিশ্রাম নেন।

বিশ্রাম শেষে ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে তারেক রহমানের। এই জনসভাকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

এদিকে, ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতে বিদ্রোহী প্রার্থী থাকায় এবারের নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। দলীয় সূত্রের দাবি, এসব বিদ্রোহী আসনের অন্তত পাঁচটিতে তাদের জয়ের সম্ভাবনা রয়েছে। তবে বিদ্রোহী প্রার্থীরা প্রভাবশালী হওয়ায় তাদের অনেক সমর্থক এই জনসভায় অংশ নেননি বলে জানা গেছে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, ময়মনসিংহের বিভিন্ন আসনে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ভোটই নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। যে প্রার্থীর দিকে এই ভোট যাবে, তার জয়ের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন তারা। অন্যদিকে, বিএনপির সমর্থকদের দাবি—জামায়াত কেবল ময়মনসিংহের ফুলবাড়িয়া আসনে কিছুটা প্রভাব রাখতে পারলেও বাকি আসনগুলোতে তেমন শক্ত অবস্থানে নেই।

সমাবেশে অংশ নিতে আসা নেত্রকোণার বিরিশিরি সুসং দুর্গাপুর ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. আব্দুস সালাম বলেন, নেত্রকোণা-১ আসনে বিএনপির প্রার্থী জয়ী হবেন বলে তিনি আশাবাদী।

সরেজমিনে দেখা গেছে, দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও নির্ধারিত সময় পর্যন্ত তারেক রহমান মঞ্চে উপস্থিত হননি। তবে এর আগেই শহর ও আশপাশের থানা ও ওয়ার্ডগুলো থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ মাঠে জড়ো হতে থাকেন।

তারেক রহমানের আগমন উপলক্ষে ময়মনসিংহ শহরের বিভিন্ন মোড়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় বড় ছবি শোভা পাচ্ছে।

ময়মনসিংহের জনসভা শেষে তারেক রহমান গাজীপুরের রাজবাড়ী মাঠ এবং উত্তরার আজমপুর ঈদগাঁও মাঠে পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন। সব কর্মসূচি শেষে তিনি ঢাকার গুলশানে নিজ বাসভবনে ফিরে যাবেন।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেট থেকে বিএনপির নির্বাচনী সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তারেক রহমান। ওই সফরে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, নরসিংদী ও রূপগঞ্জসহ একাধিক পথসভায় বক্তব্য দেন। পরে ২৫ জানুয়ারি চট্টগ্রাম বিভাগে ফেনী, কুমিল্লা ও দাউদকান্দিসহ কয়েকটি এলাকায় নির্বাচনী সমাবেশে অংশ নেন। বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, ময়মনসিংহ সফর শেষে তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়া ও বরিশাল বিভাগেও পর্যায়ক্রমে নির্বাচনী সমাবেশ করবেন।

এলাকার খবর

সম্পর্কিত