বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন। নিজের পরিবার ও রাজনীতির গল্প তুলে ধরে তিনি দলের মনোনয়নবঞ্চিতদের জন্য আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১:০৭ মিনিটে স্ট্যাটাসে মির্জা ফখরুল লিখেন,
“মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সকল নেতা-নেত্রীকে ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ, আজীবন আমার সাথে থাকার জন্য।”
তিনি তার ব্যক্তিগত সংগ্রামের গল্পও জানিয়েছেন—
“আমি যখন ১৯৮৭-তে রাজনীতিতে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম, আমার মেয়ে দুটো খুব ছোট ছিল। আমার স্ত্রীর বয়স কম, প্রথমে সে স্তম্ভিত হয়ে গিয়েছিল। আমার বড় মেয়ের অপারেশনের সময় আমি সারারাত গাড়িতে ছিলাম, ঢাকার পথে, যাতে পাশে থাকতে পারি। এত কষ্ট হচ্ছিল, আমি ছিলাম মসজিদে যখন তার অপারেশন চলছিল।”
মির্জা ফখরুল আরও বলেন, এমন গল্প তার দলের হাজার নেতাকর্মীর রয়েছে। মনোনয়ন না পাওয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আশ্বাস দিয়েছেন—
“এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পাননি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে।”
শেষে তিনি দোয়া চেয়ে লিখেছেন,
“আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকবো এবং কাজ করবো ইনশাআল্লাহ।”