রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভার মঞ্চে উঠেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে তিনি মঞ্চে উপস্থিত হলে নেতা-কর্মী ও সমর্থকেরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। এ সময় তারেক রহমান হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।
সারাদেশব্যাপী নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান দুপুরে আকাশপথে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান। এরপর তিনি সুফি সাধক শাহ মখদুম (র.)-এর মাজার জিয়ারত করেন। এর আগে সকাল সাড়ে ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বেলা সাড়ে ১২টার মধ্যেই মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
রাজশাহী মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতা-কর্মী ও সমর্থকেরা জনসভায় যোগ দেন। পাশাপাশি নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকেও বাসে করে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী সমাবেশে উপস্থিত হন। মাঠের ভেতরে ও চারপাশে বড় পর্দা স্থাপন করা হয়েছে, যাতে দূর থেকেও মঞ্চের কার্যক্রম দেখা যায়।
এ জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের মোট ১৩টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীরা অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন রাজশাহী-১ আসনের শরীফ উদ্দীন, রাজশাহী-২ এর মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ এর মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৪ এর ডি এম ডি জিয়াউর রহমান, রাজশাহী-৫ এর নজরুল ইসলাম ও আবু সাইদ চাঁদ। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের শাহ্জাহান মিঞা, আমিনুল ইসলাম ও হারুনুর রশীদ এবং নাটোরের ফারজানা শারমীন, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আনোয়ারুল ইসলাম ও আব্দুল আজিজ উপস্থিত রয়েছেন।
জনসভা শেষে তারেক রহমান সড়কপথে নওগাঁর উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। বিকাল সাড়ে ৫টায় নওগাঁ শহরের এটিম মাঠে এবং রাত সাড়ে ৭টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে পৃথক নির্বাচনি জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
উত্তরাঞ্চলে তিন দিনের সফরের অংশ হিসেবে শুক্রবার তিনি রংপুরে যাবেন। সেখানে পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারতের পর বিকেলে রংপুর ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। সফরের শেষ দিন শনিবার দুপুরে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে এবং বিকেলে টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় নির্বাচনি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।