রেজাউল করিম হত্যায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা দেখতে চায় জনগণ—ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক
 ছবি:
ছবি:

শেরপুর-৩ আসনের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণ এখন দেখতে চায় আইনশৃঙ্খলা রক্ষাকারীরা কী ভূমিকা রাখে এবং তারা জাতিকে কেমন নির্বাচন উপহার দেয়।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসারের আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিলম্বে উপস্থিত হয়ে চেয়ার দখলকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে বিএনপি সমর্থকদের একটি অংশ দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত সমর্থকদের ওপর হামলা চালায় বলে তিনি দাবি করেন।

তিনি লেখেন, ওই হামলায় ৫০ জনের বেশি জামায়াতে ইসলামীর সমর্থক আহত হন। গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে মাওলানা রেজাউল করিম মারা যান। ডা. শফিকুর রহমান তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, আল্লাহ তায়ালা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং জান্নাতবাসী করুন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে জামায়াত আমির বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো ধরনের গড়িমসি জাতি মেনে নেবে না বলেও তিনি সতর্ক করেন।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, হামলায় গুরুতর আহতদের দ্রুত সুস্থতার জন্য তিনি মহান আল্লাহর কাছে দোয়া করছেন এবং এ ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।

এলাকার খবর

সম্পর্কিত