ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সারা দেশে ধানের শীষের পক্ষে শক্তিশালী গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, দলের শীর্ষ নেতা তারেক রহমান যেখানে যাচ্ছেন, সেখানেই জনতার ঢল নামছে। তার বিশ্বাস, আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে, বিএনপি সরকার গঠন করবে এবং তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগের উদ্বোধনী পথসভায় এসব কথা বলেন তিনি। ইশরাক হোসেন বলেন, দেশের বিদ্যমান নানা সমস্যার সমাধানে বিএনপির রয়েছে পূর্ব অভিজ্ঞতা ও সুনির্দিষ্ট পরিকল্পনা। একটি উন্নত, গণতান্ত্রিক ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গড়ে তুলতে জনগণের সক্রিয় সমর্থন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে, তা শুরু হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। পরবর্তীতে তারেক রহমানের নেতৃত্বে সেই আন্দোলন চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যায় এবং ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটে বলে তিনি উল্লেখ করেন।
ইশরাক হোসেন বলেন, এই নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে নিজেও প্রার্থী হওয়ার সুযোগ পাওয়াকে তিনি সৌভাগ্য হিসেবে দেখেছিলেন। তিনি আশা করেছিলেন, একই সংসদে থেকে জনগণের দাবি-দাওয়া তুলে ধরবেন। তবে মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে নিজের কাছে নিয়ে গেছেন উল্লেখ করে তিনি বিএনপি চেয়ারপারসনের আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দল সম্প্রতি নারীদের নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করছে, বিশেষ করে কর্মজীবী নারীদের বিষয়ে দেওয়া বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের মানুষ এ ধরনের মন্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন তিনি।
ইশরাক হোসেন বলেন, আগামী দিনে নারীদের সর্বোচ্চ অধিকার সংরক্ষণ করা হবে। নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার বক্তব্যকে তিনি সুদূরপ্রসারী চক্রান্ত হিসেবে উল্লেখ করেন এবং বলেন, স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় এলে নারীদের গৃহবন্দি করার আশঙ্কা রয়েছে।
নারীদের উদ্দেশে তিনি বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিএনপি সবসময় নারীদের পাশে থাকবে এবং তাদের অধিকার রক্ষায় কাজ করবে। নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু, গেন্ডারিয়া থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদিরসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী গণসংযোগে অংশ নেন।