বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা বিভাগ সফরে যাচ্ছেন। সফরকালে তিনি খুলনা ও যশোরে পৃথক দুটি নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
সোমবার সকাল ১০টায় খুলনা নগরীর খালিশপুর এলাকার প্রভাতি স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এ সমাবেশকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ দেখা গেছে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, ২০০৪ সালের পর এটাই তারেক রহমানের প্রথম খুলনা সফর। সে সময় তিনি একটি বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তারা। বিশেষ করে শিল্পাঞ্চল খুলনায় বিএনপি চেয়ারম্যানের আগমন নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক সম্ভাবনার বার্তা দেবে বলে আশা করা হচ্ছে।
তারেক রহমানের খুলনা আগমন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে একসময়ের পাটকল শ্রমিক হাফিজুর রহমান বলেন, খালিশপুরে তারেক রহমান আসছেন—এতে আমরা আনন্দিত। আমরা মিল-কারখানা চালু চাই, কাজ চাই। মিল থাকলে কাজ হবে, কাজ করে বাঁচতে পারব।
খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, তারেক রহমানের খুলনা সফর শুধু একটি নির্বাচনি কর্মসূচি নয়; এটি আমাদের জন্য একটি রাজনৈতিক বার্তা। এই সফরের মাধ্যমে নেতাকর্মীদের আত্মবিশ্বাস ও মনোবল নতুন করে জাগ্রত হবে।